সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর প্রচার বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় ওই চেয়ারম্যান প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকসহ অন্তত: ১৫ ব্যক্তি আহত হয়েছেন।এ সময় হামলাকারীরা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ ২০টির অধিক গাড়ি ভাংচুর ও বেশ কয়েকটি মোটরসাইকেল ঘটনাস্থলের পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়।
সোমবার(২৪ জানুয়ারি) রাতে উপজেলার কেরানীহাট এলাকার একটি রেস্টুরেন্টে সোনাকানিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো.সেলিম উদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলন করে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.জসিম উদ্দিন ও তাঁর কর্মী -সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
তবে অভিযুক্ত জসিম উদ্দিন হামলার বিষয়টি অস্বীকার করে উল্টো স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই তাঁর কর্মীদের উপর হামলা করেছেন বলে দাবী করেন। এ ঘটনায় গত সোমবার রাতে থানায় অভিযোগ দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
তবে থানার ওসি আবদুল জলিল গণমাধ্যমকে জানান, থানায় অভিযোগ দিলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ সম্মেলনে সেলিম চৌধুরী বলেন, সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া মাদ্রাসা মসজিদে বাদে আছর জিয়ারত শেষে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণা শুরু করেন। রাতের দিকে প্রচারবহর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদর সিকদারপাড়া পূর্ব গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী মনোনীত প্রার্থী জসীম উদ্দীনের কর্মী সমর্থকরা হামলা চালায়। এসময় তারা আমার প্রচার বহরে থাকা ৮ টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২টি মোটরসাইকেল ভাংচুর করে।এ সময় আমিসহ আমার ১৫জন কর্মী-সমর্থক আহত হই। তিনি আরও বলেন, এব্যাপারে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করছেন না।



