ঢাকা ব্যুরো: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিরবচ্ছিন্ন রাখতে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) একনেক চেয়ারপারসন শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন।

একনেকের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদ সম্মেলনে এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আজকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক সাহায্যে থেকে পাওয়া যাবে এক হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
উপস্থিত ছিলেন, সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ।



