পেকুয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ বিধিমালা-২০১৫ লংঘন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত গ্রাম পুলিশের (চৌকিদার) এক সদস্যকে পদোন্নতি দিয়ে দফাদার পদে নিয়োগ চেষ্টার ঘটনায় তোলপাড় ও সর্বত্রে সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গ্রাম পুলিশের নাম মো: আনচার উদ্দিন। তিনি বারবাকিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথেও সরাসরি জড়িত রয়েছে। গ্রাম পুলিশ আনসার উদ্দিন ওই ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা গ্রামের মো: হোছাইনের ছেলে। সরাসরি যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলেও বারবাকিয়া ইউনিয়ন পরিষদ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি ওই গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে।
জানা যায়, গত তিন মাস পূর্বে বারবাকিয়া ইউনিয়ন পরিষদে দফদারের পদটি শুণ্য হলে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের বিতর্কিত গ্রাম পুলিশ ও যুবদল নেতা মো: আনচার উদ্দিনকে দফাদার পদে পদোন্নতি দিয়ে নিয়োগের জন্য রেজুলেশন আকারে গত বৃহস্পতিবার পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সুপারিশ প্রেরণ করেছে বারবাকিয়া ইউনিয়ন পরিষদ। তবে, পেকুয়া ইউএনও অফিস ৩ আজ রবিবার (০৩ সেপ্টেম্বর) পর্যন্ত বারবাকিয়া ইউনিয়ন পরিষদ থেকে যুবদল নেতাকে দফদার পদে নিয়োগের সুপারিশটি কার্যকর করেননি।
এদিকে, ০৩সেপ্টেম্বর দুপুরে বিতর্কিত গ্রাম পুলিশ ও যুবদল নেতা মো: আনসার উদ্দিনকে বারবাকিয়া ইউনিয়ন পরিষদে দফাদার পদে নিয়োগ না দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে। বারবাকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: মাহমুদুল করিম বাদী হয়ে উক্ত অভিযোগটি করেছেন।
আওয়ামী লীগ নেতার দায়েরকৃত অভিযোগ উল্লেখ করেছেন, গ্রাম পুলিশ আনচার উদ্দিন বারবাকিয়া ইউনিয়ন যুবদলের পদবীধারী নেতা এবং তার ফেসবুক আইডি থেকে প্রতিনিয়তই বর্তমান সরকার ও আওয়ামী লীগ বিরোধী নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তার ফেসবুকজুড়ে বিএনপির পক্ষে প্রচারণা চালায়। যার স্ক্রীন শর্ট আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য যে, গ্রাম পুলিশ বিধিমালা-২০১৫ এর ‘গ্রাম পুলিশ’ বাহিনী উপধারা ২-এ গ্রাম পুলিশ সদস্যদের কোন রাজনৈতিক দলের কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেনা বলে সরাসরি উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরে বারবাকিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের গ্রাম পুলিশ আনসার উদ্দিন যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলেও ইউনিয়ন পরিষদ তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।
বারবাকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: মাহমুদুল করিম অভিযোগ করে বলেন, যুবদলের রাজনীতির সাথে জড়িত গ্রাম পুলিশ আনসার উদ্দিনকে বারবাকিয়া ইউনিয়ন পরিষদে দফাদার পদে নিয়োগ দিলে সরকার ও গ্রাম পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হবে।
এ বিষয়ে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো: আরিফুল ইসলাম বাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ইউনিয়নে দফাদার পদটি শুণ্য হলে গত ১০/১৫দিন পূর্বে ইউপি চেয়ারম্যান ৮ নং ওয়ার্ড়ের গ্রাম পুলিশ আনসারকে দফাদার পদে পদোন্নতি প্রদানে ইউএনও অফিসে লিখিতভাবে সুপারিশ প্রেরণ করেছেন। তবে সুপারিশটি এখনো কার্যকর হয়নি।
তিনি আরো বলেন, গ্রাম পুলিশ বিধিমালা মতে গ্রাম পুলিশের কোন সদস্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবেনা।




