মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার তিন উপকূলীয় ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২১ কোটি টাকা বাজেটের পানি সরবরাহ প্রকল্পের অবকাঠামোর নির্মাণ কাজে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ‘জরুরী ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি সেক্টর’ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নিরাপদ পানি সরবরাহের তিনটি প্রকল্পের চলমান কাজে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কাজ করা হচ্ছে। প্রকল্পের কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতির কারণে গত ছয় মাসেও এই প্রকল্পের ৩০ শতাংশ কাজও শেষ করতে পারেনি কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিন ঘুরে সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরী পাড়া গ্রামে মসজিদের পাশে, রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বাড়ির পাশে এবং টইটং ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামে বিশ্বব্যাংকের অর্থায়নে তিনটি প্রকল্প নির্ধারণ করে ২১কোটি টাকা বাজেটের পানি সরবরাহ প্রকল্পের অবকাঠামো নির্মাণের কাজ চলতি বছরের মার্চ মাসে শুরু হয়। কাজের শুরু থেকেই কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের লোকজন পেকুয়া উপজেলা জনস্বাস্থ্য অফিসে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী দুর্নীতিবাজ জয় প্রকাশ চাকমা ও অফিসের কতিপয় কর্মচারী এবং বিশ্ব ব্যাংকের অধীন পেকুয়ায় কর্মরত কনসালটেন্ট মো: ফরিদের যোগসাজশে প্রকল্পের অবকাটামো কাজে খুবই নিম্নমানের লোহা, পাথর, সিমেন্ট ব্যবহার করে পাম্প হাউজ, বেজ ঢালাইসহ আনুসাঙ্গিক নির্মাণ কাজ চালিয়ে গেলেও নিরব রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ। অতি নির্মাণের কাজ চলমান থাকায় বিশ্ব ব্যাংকের ২১কোটি টাকা বাজেটের ওই তিনটি জনহিতকর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের উপকারভোগীরা।
জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে তিনটি প্রকল্পের কাজটি পান ঢাকার মেসার্স জিলানী ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্টান। চলতি বছরের মার্চ মাসে প্রকল্পের কাজ শুরু হয়। এসব প্রকল্প শেষ হলে প্রতিটি প্রকল্প এলাকার আশেপাশে এক হাজারের অধিক উপকারভোগীকে পাইপ লাইনের মাধ্যমে বাসা-বাড়িতে সুপেয় পানি সরবরাহ করা হবে। এ জন্য প্রতিটি প্রকল্প এলাকায় থাকবে একটি রক্ষণাবেক্ষণ কমিটি। বিশ্ব ব্যাংকের অর্থায়নে কাজ শেষ হলে সংশ্লিষ্ট প্রকল্প এলাকার কমিটিকে পাম্প হাউজ হস্থান্তর করা হবে। তবে পেকুয়ার তিন ইউনিয়নে প্রকল্পের অবকাটামোর কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্টান। মগনামা মুহুরী পাড়া গ্রামের মসজিদের পাশে প্রকল্প বাস্তবায়নের জন্য ৬শতক জমি দান করেছেন মগনামা ইউনিয়ন পরিষদ। আর রাজাখালী ইউনিয়ন ও টইটং ইউনিয়নে একইভাবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানেরা ৬শতক করে তিনটি প্রকল্পের সর্বমোট ১৮ শতক জমি দান করেছে।
মগনামা ইউনিয়নের মুহুরী পাড়া গ্রামের বাসিন্দা আলা উদ্দিন অভিযোগ করেন, ‘৪/৫ মাস আগে শুরু হওয়া প্রকল্পের কাজটি ভালোভাবে হচ্ছে না। রড, সিমেন্ট কম দেওয়া হয়েছে।’ উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন তদারকী নাই প্রকল্পের কাজে। ঠিকাদারের লোকজনের ইচ্ছেমতো অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কাজ করা হচ্ছে।
এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিলানী ট্রেডার্সের অধীনে প্রকল্প এলাকায় নিয়োজিত প্রকৌশলী ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশ্ব ব্যাংক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শিডিউল মতে কাজ করা হচ্ছে। কাজে কোন ধরনের অনিয়মের করা হচ্ছে না বলে তিনি দাবি করেছেন।
সরেজমিনে দেখা গেছে, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরী পাড়া গ্রামে মসজিদের পাশে নির্মিত পানি সরবরাহ প্রকল্পের পাম্প হাউজ ২য় তলার কাজ চলমান রয়েছে। একই ভাবে রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বাড়ির পাশে এবং টইটং ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামে পাম্প হাউজের ২য় তলার কাজ চলমান রয়েছে। পাঁচ তলা বিশিষ্ট পাম্প হাউজের কাজে বর্তমানে ২য় তলা পর্যন্ত কাজে ঠিকাদারের লোকজন নিজেদের ইচ্ছেমতো কাজ বাস্তবায়ন করছেন। পেকুয়া উপজেলা জনস্বাস্থ্য অফিসে কর্মরত দূর্নীতিবাজ উপ-সহকারী প্রকৌশলী জয় প্রকাশ চাকমা উক্ত তিনটি প্রকল্প কাজে কোন সময় সরেজমিনে পরিদর্শন করেনি। এছাড়া পেকুয়ায় নির্মাণাধীন বিশ্ব ব্যাংকের তিনটি প্রকল্পের চলমান কাজে কনসালটেন্সীর দায়িত্বে থাকা মো: ফরিদের বিরুদ্ধেও রয়েছে অভিযোগের পাহাড়। নিয়মিত প্রকল্প এলাকায় ভিজিট না করে পেকুয়া উপজেলা সদরে সারাদিন ঘুরঘুর করে। তার বিরুদ্ধে ঠিকাদারের লোকজনের সাথে আঁতাত করে নিম্নমানের সামগ্রী দিয়ে প্রকল্পের অবকাটামোর কাজ বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে মো: ফরিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঠিকাদারের লোকজনের সাথে কোন ধরনের আঁতাত করেনি। তিনি নিয়মিত সাইট ভিজিট তার উপর অর্পিত দায়িত্ব পালন করছেন।
উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটির (ওয়াটসন) সদস্য সচিব ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর দায়িত্বে থাকা জয় প্রকাশ চাকমার সাথে যোগাযোগ করে উপরিউক্ত বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।




