ঢাকা ব্যুরো: গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার ও সদস্য সচিব নুরুল হক নুর রীতিমত প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। পাল্টাপাল্টি দোষারোপে জড়িয়েছেন গণঅধিকার পরিষদের এই দুই নেতা।
তারা নিজস্ব ফেসবুক পেজে একে-অপরকে বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করেছেন। সোমবার (১৯ জুন) রাতে কাছাকাছি সময়ে তারা ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
রেজা কিবরিয়া তার ফেসবুক পেজে জানান, গতকাল ১৮ জুন ২০২৩ রবিবার সন্ধ্যা ৭টায় গুলশান ২ এর ৫৫ রোডস্থ ২০ নম্বর বাড়িতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার আহ্বানে তার সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব ভিপি নুরুল হক নুরসহ গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা রাত ৯.৩০ মিনিট পর্যন্ত চলে। সভায় দলীয় শৃঙ্খলা আনয়নের ক্ষেত্রে সদস্য সচিবকে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের কারণ ব্যাখ্যা চেয়ে আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার মতামত দিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উদ্ভব হয়।
রেজা কিবরিয়ার দাবি, বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ এমন পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়েন। এমতাবস্থায় সভার সভাপতি সভা স্থগিত করে সভাস্থল ত্যাগ করেন।




