কক্সবাজার প্রতিনিধি: বর্তমান সরকার কক্সবাজারকে একটি পরিবেশবান্ধব, আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে একে একটি সম্পূর্ণ নিরাপদ, আধুনিক এবং বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে।
গতকাল শুক্রবার(১২ জুন) কক্সবাজারের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিক এবং দেশি-বিদেশি পর্যটকদের সাথে মতবিনিময়কালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের সার্বিক উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। পর্যটকদের আন্তর্জাতিক মানের আবাসন সুবিধা নিশ্চিতে আধুনিক হোটেল, মোটেল এবং রিসোর্ট নির্মাণের জন্য বিশেষ জোন সুনির্দিষ্ট করার জন্য কাজ করছে সরকার। তিনি বলেন, শুধু সমুদ্রসৈকত কেন্দ্রিক পর্যটনেই সীমাবদ্ধ নয়, বরং কক্সবাজারের সমৃদ্ধ বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে সুপরিকল্পিত ইকো-ট্যুরিজম ব্যবস্থার প্রসারে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। এছাড়া, নারী, শিশু ও বয়োবৃদ্ধ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্যুরিস্ট পুলিশের নজরদারি জোরদার করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
এর আগে কক্সবাজারের কলাতলী বিচে আয়োজিত এক জমকালো অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের বিষয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে এবং বর্তমান তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে পরিচিত করতে এখানে ‘সাফ বিচ গেমস’ আয়োজন করা হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে এ বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়েছে। ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলা নিয়েও পর্যায়ক্রমে এ বিচে গেমস অনুষ্ঠিত হবে।
কক্সবাজার সফরকালে চার প্রতিমন্ত্রী সরকারের মেগা প্রকল্প ‘কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর’ কাজের বর্তমান অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।




