বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: চকরিয়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও সাংবাদিক রাজু দাসকে বিনা মামলায় হয়রানির অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার(১১ জুন) সাংবাদিক নেতারা এএসপির কার্যালয়ে গিয়ে বিষয়টি তুলে ধরেন এবং একজন কর্মরত সাংবাদিককে কোনো ধরনের আইনগত ভিত্তি ছাড়া হয়রানি করা হলে তা গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করবে বলে জানান।
এ সময় এএসপি অভিজিত দাস সাংবাদিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় বা হয়রানিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে চকরিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সাংবাদিক রাজু দাসের ভরামুহুরী এলাকার বাড়িতে যান। সেখানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন।
পরে রাজু দাসের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান করে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা কথিত হয়রানির চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন হয়রানি শুধু একজন ব্যক্তির নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
সাংবাদিক রাজু দাসের প্রতি সংহতি প্রকাশ এবং তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




