কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় পৃথক ঘটনায় রোহিঙ্গাসহ দুই যুবক নিহত হয়েছেন।আজ সোমবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর ব্লক এফ/১৪ সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন (১৮) ও স্থানীয় উখিয়ার পূর্ব দরগাহবিলের ঠান্ডা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এ/১৪, ১৫ ব্লকে আরসা ও আরএস এর মধ্যে গুলিবর্ষণ শুরু হয়। এ সময় ইমান হোসেন নামে আরএস এর এক সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, উখিয়ার পূর্ব দরগাহবিল এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।গত রোববার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার সকাল বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তিনি একজন মানসিক রোগী ছিলেন।
স্থানীয়রা এ প্রতিনিধিকে জানান, রোহিঙ্গা ক্যাম্পে এভাবে নিয়মিত হত্যা-মৃত্যু ঘটনা ঘটতে থাকলে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে। এলাকাবসি আরো জানান, মুলত মাদকের মত নানান অপকর্ম পরিচালনা করার জন্য এ ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



