নগর প্রতিবেদক: কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মইজ্জারটেক সংলগ্ন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক এলাকা “কর্ণফুলী আবাসন প্রকল্প”। দীর্ঘদিন ধরে স্থানীয় মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে উক্ত আবাসিক এলাকায় সিডিএ’র অনুমতি ব্যতিরেকে গরুর বাজার বসানো হয়। এবছর কর্ণফুলী উপজেলা প্রশাসন ওই স্থানে গরুর বাজার ইজারা দেওয়ার খবর পাওয়া গেছে। ইজারা গ্রহীতা হলেন- ওই উপজেলার স্থানীয় ইউপি চেয়ারম্যান সোলেমান গং।
সুত্রে জানা গেছে, সিডিএ’র সংশ্লিষ্ঠ কর্মকর্তার যোগসাজশে গরু আকবর,ফোরকান ও আলমগীর এ গরুবাজার নিয়ন্ত্রণ করছে। তাদের উচ্ছেদের ব্যাপারে সিডিএ প্রশাসন এখনো আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
সূত্রটি আরো জানায়,সিডিএ প্রশাসন জেলা ও উপজেলা প্রশাসনকে গরু বাজারের ইজারা বাতিলের জন্য চিঠি দিয়েছে। চিঠির কোন সদুত্তর জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন এখনো দেয়নি।এ দিকে সিডিএ’র নিজস্ব জায়গায় কর্ণফুলি উপজেলা প্রশাসনের অবৈধভাবে ইজারা দেওয়া স্থানে জমজমাটভাবে গরুর বাজার নিসংকোচে পরিচালিত হচ্ছে।
সিডিএ’র নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল কর্মকর্তা দি ক্রাইমকে জানান,সিডিএ প্রশাসন বিধিগতভাবে সংশ্লিষ্ঠ ইজারাদানকারী প্রতিষ্ঠানদ্বয়কে ইজারা বাতিলের জন্য চিঠি দিয়েছি কিন্তু তারা এখনো ইজারা বাতিল করেনি।
তিনি আরো বলেন, এই সম্পত্তি সিডিএ’র নিজস্ব সম্পত্তি। এটির শাষন সংরক্ষণ করে সিডিএ। কিভাবে জেলা কিংবা উপজেলা প্রশাসন গরুর বাজারের জন্য ইজারা দিয়েছে তা আমি জানিনা।
গরুর বাজার পরিচালনাকারী ফোরকানকে জিজ্ঞাসা করলে তিনি দি ক্রাইমকে বলেন, আমি আইনগতভাবে ইজারা গ্রহণকারী সোলেমান চেয়ারম্যান হ’তে পূন ইজারা নিয়ে গরুর বাজার পরিচালনা করছি এতে আমার দোষ কি?
ইজারা গ্রহণকারী সোলেমান চেয়াম্যানকে তার মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিডিএ সচিবকে তার মুঠোফোনে বারবার কল দেওয়া সত্বেও তিনি এ প্রতিবেদকের সাথে কথা না বলায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতি বছর ঈদের আগে গরু-ছাগল বেচাকেনা নিয়ে বিপুল বাণিজ্য হয়। প্রচুর অবৈধ অর্থের লেনদেন হয় হাট ইজারা থেকে হাসিল আদায় পর্যন্ত। এ কারণে সব কাউন্সিলর ও রাজনৈতিক নেতা চান তাঁর এলাকায় অন্তত একটি হাট বসুক। তাঁদের স্বার্থেই কি এবার এতগুলো বাজার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে– এমন প্রশ্ন সচেতন নাগরিক সমাজের। যদিও যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৩ টি স্থান নিয়ে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
নগরে কোরবানির পশুর হাটের ইজারাদার নিয়োগ দেয় সিটি করপোরেশন। তবে হাট বসানোর অনুমতি নিতে হয় জেলা প্রশাসনের কাছ থেকে। অনুমতি দেওয়ার আগে পুলিশের বিশেষ শাখার কাছ থেকে মতামত নেয় জেলা প্রশাসন। তার ভিত্তিতে অনুমতি দেওয়া হয়। হিজরি মাসের পহেলা জিলহজ থেকে ১০ দিনের জন্য অস্থায়ী হাটগুলো বসবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, গত ১১ মে এক চিঠিতে নগরে ২৩টি পশুর হাট বসানোর অনুমতি চান চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম। ২২ মে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা পশুর হাট বসানোর বিষয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সিএমপির বিশেষ শাখার কাছে মতামত চায়। ১২ জুন সিএমপির মতামত সংবলিত প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। এতে ২৩টি হাটের মধ্যে ১৩টির বিষয়ে আপত্তি জানানো হয়েছে। নগর পুলিশের আওতাবহির্ভূত এলাকা হওয়ায় একটির বিষয়ে কোনো মতামত দেওয়া হয়নি। ৯টির বিষয়ে কোনো আপত্তি নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত বছর ২০টি স্থানে পশুর হাট বসাতে চেয়েছিল সিটি করপোরেশন। তখন তিনটি অস্থায়ী হাটের অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। এ বছর এক লাফে ২৩টি হাটের অনুমতি চাওয়ায় হাটগুলো বসানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। পশুর হাটগুলোকে ঘিরে ইজারা ও হাসিল আদায়ের নামে বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়। এতে ভাগ বসাতে চান সিটি করপোরেশনের কাউন্সিলররা। তাঁদের আগ্রহে এতগুলো হাট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায় পশুর হাট বসানোর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত স্থানটিতে গরুর বাজার বসানোর মতো স্থান নেই। আবার বন্দরের পণ্যবাহী ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। গরুর বাজার বসালে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে এবং যানজট সৃষ্টি হবে।
নগরের চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের মাঠে পশুর হাট বসালে জনদুর্ভোগ সৃষ্টি হবে। এ ছাড়া নগরের স্টিল মিল বাজার ও পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠে পশুর হাট বসতে দেওয়া হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। নগরের পাঁচলাইশ ওয়ার্ডের ছয়টি হাটের মধ্যে পাঁচটির বিষয়ে আপত্তি দিয়ে বলা হয়, এসব অস্থায়ী হাট বসানো হলে যানজট সৃষ্টি হবে এবং হাসিল আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের গলাচিপা পাড়ায় হাটে বিদ্যুৎ ও এটিএম বুথের ব্যবস্থা নেই। আবার গরুর ব্যাপারীদের থাকার সুব্যবস্থা নেই। অন্য হাটগুলোর বিষয়ে বলা হয়েছে, সেখানে পর্যাপ্ত উন্মুক্ত স্থান নেই। গরু ওঠানামার জায়গা নেই। চলাচলের রাস্তা সরু। এ কারণে যানজট হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বলেন, ‘প্রতি বছরই অস্থায়ী হাটগুলো বসানোর বিষয়ে পুলিশের মতামত নেওয়া হয়। এবারও সরেজমিন অনুসন্ধান করে মতামত জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘পুলিশের কাছ থেকে অনাপত্তি পাওয়া ৯টি অস্থায়ী হাট বসানোর অনুমোদন দিয়ে চিঠি পাঠানো হবে। বাকিগুলোর বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সনাক-টিআইবি চট্টগ্রামের সাবেক সভাপতি দি ক্রাইমকে বলেন, প্রথমত নগরীর জনসংখ্যা কত, সেই হিসাবে কী পরিমাণ পশু এখানে প্রয়োজন হবে, আবার সেই পশুগুলো বেচাকেনার জন্য কতগুলো হাট প্রয়োজন– তা নিয়ে সিটি করপোরেশনের কোনো জরিপ নেই। এর পরও ২৩টি জায়গার বিষয়ে অনুমোদন চাওয়ার পেছনে প্রধান কারণ হতে পারে বিপুল অর্থের লেনদেন। হাট ইজারা থেকে শুরু করে হাসিল আদায়– ক্ষমতার অপব্যবহার করে প্রচুর টাকা হাতিয়ে নেন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা। মূলত তাঁদের স্বার্থেই এতগুলো গুরু-ছাগলের বাজার বসানোর পরিকল্পনা!




