ঢাকা ব্যুরো: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দণ্ডাদেশ কার্যকর হওয়া জামায়াত নেতাদের ‘শহীদ’ বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামী। পাশাপাশি আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি করেন তারা।
শনিবার (১০ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ সাবেক ও বর্তমান কয়েকজন ছাত্রশিবির নেতা এই দাবি জানান।
বক্তব্যে তারা বলেন, ষড়যন্ত্র করে ভুয়া অভিযোগের মাধ্যমে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সাজা দিয়ে এই জালিম সরকার কারাগারে আটকে রেখেছে। খুব বেশি দিন বাকি নেই, আপনাদের এই ষড়যন্ত্র থাকবে না। সমাবেশে স্মরণ করা হয় মানতাবিরোধী অপরাধের অভিযোগে ফাসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলি আহসান মো. মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও মীর কাসেম আলিকে। সফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা দেশের এই উজ্জল নেতাদের উত্তসূরি হিসেবে তাদের মাগফিরাত কামনা করি।
শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশে এসব কথা বলেন তারা। দুপুর ২টায় নির্ধারিত সময় অনুষ্ঠান শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আ. রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দীন আহমেদ।




