বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এলাকার কিশোর গ্যাং সম্পর্কে ব্যাপক আলোচনা হয়েছে। তাদের আচরণের ব্যাপারে জনপ্রতিনিধিদেরকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে সভায়। এলাকায় কিশোরদের মধ্যে কারা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড এবং মাদকদ্রব্য বেচাকেনা ও সেবন সম্পর্কে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে বক্তাদের বক্তব্যে।আজ সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ সভাপতিত্ব করেন।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হানিফ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস.এম ইউনুচ ও কলাউজান ইউপি চেয়ারম্যান এ ওয়াহেদ সভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গৃহস্থরা গরু চুরি হওয়ার আতঙ্কে রয়েছে। এ ব্যাপারে লোহাগাড়া থানা পুলিশ প্রশাসনের নজরদারি অপিরহার্য হয়ে পড়েছে। অপরদিকে লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের নিত্য যানজটের কারণে চরম ভোগান্তির কথা তুলে ধরেছেন বক্তারা। বক্তারা অত্র ষ্টেশনের যানজট নিরসনের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে বক্তব্য রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা হলে কিশোর ও তরুনরা খেলামুখী হবে। চর্চা হবে সংস্কৃতির। এতে অপরাধ থাকবে না।
আইনশৃঙ্খলা কমিটির এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, উপজেলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার ও পল্লি বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম-১ এর লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্য-সদস্যাগণ।




