স্টাফ রিপোর্টার, চকরিয়া : জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে পার্টির কর্মকান্ড গতিশীল ও দলীয় অবস্থান শক্তিশালী করার লক্ষে জেলা-উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির মতবিনিময় ও প্রতিনিধি সভার কার্যক্রম শুরু হয়েছে।আজ শুক্রবার (২৬ মে) সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা করেছেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ।
সেই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (২৭ মে) সকাল ১১ টায় পর্যটন নগরী কক্সবাজারের চকরিয়াস্থ “সাম্পান” কনভেনশন হলে অনুষ্ঠিত হবে তৃণমূল জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে বিমানযোগে কক্সবাজার আসছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মূখপাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনূর রশীদ।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক এম এ গোফরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য দয়াল কুমার বড়ুয়া ও নাফিস মাহবুব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাজী আবু ওমর মো. ফারুক। এতে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. শামসুল আলম, কেন্দ্রীয় সদস্য মো. আজিজ চৌধুরী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি বশিরুল আলম ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাস্টার সফিকুর রহমানসহ অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রামের কৃতি সন্তান, বৌদ্ধা স¤প্রদায়ের নেতা, সদ্য জাতীয় পার্টিতে যোগদানকারী দয়াল কুমার বড়ুয়া বলেন, পল্লীবন্ধু রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন বৌদ্ধা সম্প্রদায়ের জন্য অনেক কল্যাণকর কাজ করে গেছেন, যা এখনো স্মরণীয়। বৌদ্ধা কল্যান ট্রাস্টের মতো আরো অনেক জনহিতকর প্রতিষ্ঠান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের আন্তরিকতার কারণেই আজ বৌদ্ধসহ সংখ্যালঘুদের উন্নয়ণে কাজ করে যাচ্ছে।
চট্টগ্রামে সফররত জাপা নেতা নাফিস মাহবুব বলেন, বেগম রওশন এরশাদের নেতৃত্বে আজ সারাদেশে পার্টি নব উদ্যমে সুসংগঠিত হচ্ছে। বিরোধী দলীয় নেতার ডাকে এক ঝাঁক বিশ্বস্থ তরুণ নেতৃত্ব তৃণমূলে পার্টিকে শক্তিশালী করতে ৭টি সাংগঠনিক টিমের মাধ্যমে সম্মেলন ও নির্বাচনের প্রস্তুতির জন্য মাঠ পর্যবেক্ষণে কাজ শুরু করেছেন। যা জাতীয় পার্টিতে নতুন এক মাত্র হিসেবে পরিগণিত হবে।
তিনি বলেন, সাংগঠনিক টিমের কার্যক্রমের মাধ্যমে পল্লীবন্ধুর ঐক্যবদ্ধ জাতীয় পার্টি ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে, ইনশাল্লাহ।
এদিকে আগামী ২৮ মে রোববার আরেকটি বিভাগীয় সাংগঠনিক প্রতিনিধি সভায় যোগ দিতে বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রাম যাবেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ। সাংগঠনিক কার্যক্রম জোরদারে বিরোধী দলীয় নেতার বার্তা নিয়ে আজ কক্সবাজার যাচ্ছেন তাঁর মূখপাত্র কাজী মামুন।




