খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) সন্তু গ্রুুপ কর্তৃক ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ করেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা রোববার(১৪ মে) এক বিবৃতিতে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি ছক্রাছড়া এলাকায় পিসিজেএসএস সন্তু গ্রুুপ কর্তৃক ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, রোববার সকাল ৮.৪৫টার সময় ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজা(৪৭) সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পিসিজেএসএস সন্তু গ্রুুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। তাকে হত্যার পর সন্ত্রাসীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায়।
নিহত রূপান্ত চাকমার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিমুলতলী গ্রামে। তার পিতার নাম লক্ষ্মী চন্দ্র চাকমা।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা উক্ত হত্যার ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য ইউপিডিএফের যে কার্যক্রম তা বানচাল করতে সন্তু গ্রুুপের সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এই হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে। সন্তু লারমা আঞ্চলিক পরিষদের চেয়ারের বসে এসব খুনি-সন্ত্রাসীদের লালন পালন করছেন।
বিবৃতিতে তিনি অবিলম্বে রূপান্ত চাকমার খুনি সন্তু গ্রুুপের সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ৮.৪৫টার সময় রূপান্ত চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পিসিজেএসএস সন্তু গ্রুুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। তাকে হত্যার পর সন্ত্রাসীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায়। এ সময় ৫/৬জন সশস্ত্র সন্ত্রাসীকে দেখেছেন বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সন্ত্রাসী গ্রুুপটি রাতে এসে ওঁৎ পেতে ছিল বলে স্থানীয়রা ধারণা করছেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) সন্তু মূল গ্রুুপ কেন্দ্রীয় কমিটির সহ তথ্য প্রচার সম্পাদক সচিব চাকমা এ হত্যাকান্ডের ঘটনায় কোন মন্তব্য করতে রাজি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমিন জানান, ‘সদরের নাড়াইছড়ি এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে জানতে পারি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। জায়গাটি বেশ দূর্গম, তবে তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ্য রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকছড়ির ছক্রাছড়া এলাকায় পিসিজেএসএস সন্তু গ্রুুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার খবর পাওয়া যায়। রোববার(১৪ মে) সকালে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলটি মানিকছড়ি এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উত্তর পাশে। হত্যার শিকার ইউপিডিএফ সদস্যের নাম রূপান্ত চাকমা ওরফে লেজা(৪৭), পিতা- লক্ষ্মী চন্দ্র চাকমা, গ্রাম- শিমুলতলী, ৮নং ওয়ার্ড, মেরুং ইউপি, দীঘিনালা, খাগড়াছড়ি।



