লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় একই রাতে পৃথক ৩ পরিবারের ৪টি গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
সূত্র জানায়, সশস্ত্র চোরের দল গত ৮ অক্টোবর শনিবার দিবাগত ভোররাতে গরুগুলো নিয়ে যায় গৃহস্থদের গোয়ালঘর হতে। গরু ৪টির মধ্যে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার মোস্তাফিজুর রহমান পরিবারের ২টি, একই ওয়ার্ডের কিল্লার আন্দর এলাকার কালুমিয়া পরিবারের ১টি ও আবুল কালাম পরিবারের ১টি। গরু চুরির সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার গৃহস্থদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা মোস্তাফিজুর রহমান জানান, ভোররাত ৪টায় তার ঘুম ভাঙলে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু বাহির থেকে দরজা বন্ধ থাকায় তিনি বের হতে পারছিলেন না। তার মতে গরু চোরেরা বাহির থেকে ঘরের দরজা আটকে দেয়। অন্যের সাহায্যে তিনি ঘর হতে বের হন। পরে দেখতে পান গোয়াল ঘর খোলা। গরু ২টিও নেই। এ সংবাদ পেয়ে লোহাগাড়া থানার পুলিশের একটি দল তার ঘরে যান এবং গরু চুরির বিষয়ে খোঁজ-খবর নেন।
এ ব্যাপারে তিনি ৯অক্টোবর রবিবার লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু চুরি হওয়া গরুর কোন সন্ধান মিলেনি।




