নিজস্ব প্রতিবেদক: সিআরবিতে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ শিরোনামে ১৫ দিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে চট্টগ্রাম বন বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর সিআরবি শিরিষতলা মাঠে এই বৃক্ষমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই বৃক্ষ মেলা চলবে বলে জানিয়েছে বন বিভাগ।

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার) ও পিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর পিপিএম. চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহাম্মদ, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহছানুল হক চৌধুরী বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।
এবারের চট্টগ্রামের বৃক্ষমেলায় প্রায় অর্ধশত নার্সারি ও বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে। মেলায় লাখ টাকা দামের বনসাঁই থেকে শুরু করে ১০/২০ টাকা দামের বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ওষুধি বৃক্ষের চারা পাওয়া যাচ্ছে।




