যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনপ্রিয় জোনস বিচ সৈকতটি ১৭ শতকের নাবিক টমাস জোনসের নামে পরিচিত। সম্প্রতি মার্কিন ইতিহাসবিদ জেমস বেইলি দাবি করেছেন, এই নামটির আড়ালে জড়িয়ে আছে ইতিহাসের অন্যতম কুখ্যাত ‘জলদস্যুরাজ’ হেনরি অ্যাভেরির রক্তক্ষয়ী উপাখ্যান। ১৬৯৫ সালে লোহিত সাগরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সবচেয়ে বড় ও মূল্যবান জাহাজে হামলা চালিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন এই অ্যাভেরি।

হেনরি অ্যাভেরির প্রারম্ভিক জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না। ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে জন্ম নেওয়া অ্যাভেরি ছোটবেলা থেকেই সমুদ্রের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন। বলা হয়ে থাকে, তিনি ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীতে কাজ করার পর দাস ব্যবসাতেও জড়িয়ে পড়েন। ১৭ শতকের শেষের দিকে, ১৬৯৩ সালে স্পেনের রাজার হয়ে ফরাসি বণিকদের জাহাজে হামলার উদ্দেশ্যে নিয়োজিত ‘চার্লস টু’ নামের একটি জাহাজে তাঁর উপস্থিতি দেখা যায়। তবে স্প্যানিশ একটি বন্দরে পারিশ্রমিক ছাড়াই বেশ কয়েক মাস আটকে থাকায় নাবিকদের অসন্তোষ কাজে লাগিয়ে ১৬৯৪ সালের মে মাসে বিদ্রোহ করেন অ্যাভেরি। জাহাজটির নতুন ক্যাপ্টেন হয়ে সেটির নাম দেন ‘ফ্যান্সি’ এবং গতি বাড়ানোর জন্য নকশায় বদল এনে মাদাগাস্কারের দিকে যাত্রা শুরু করেন।

১৬৫০ থেকে ১৭৩০ সাল পর্যন্ত সময়কালটি ছিল আটলান্টিক ও ক্যারিবীয় মহাসাগরে ইউরোপীয় জলদস্যুদের তথাকথিত স্বর্ণযুগ, যখন ব্ল্যাকবিয়ার্ড বা ক্যাপ্টেন কিডের মতো দস্যুদের রমরমা আধিপত্য ছিল। তবে অ্যাভেরি আটলান্টিক এড়িয়ে আফ্রিকার দক্ষিণ উপকূলের দিকে যান। কেপ ভার্দে দ্বীপপুঞ্জে তিনটি ইংরেজ বণিক জাহাজ এবং পরে আফ্রিকার উপকূলে ফরাসি ও ডেনিশ জাহাজে লুটপাট চালিয়ে ১৬৯৫ সালের মাঝামাঝি সময়ে তাঁর দলে ১৫০ থেকে ১৬০ জন দস্যু জড়ো করেন। সে সময়ে ভারতে ব্যবসা-বাণিজ্য করতে যাওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিসহ বিদেশি বণিকদের প্রধান পথ ছিল সুরাট বন্দর। মোখা বন্দর থেকে হজ পালন শেষে মোগল সম্রাটের পরিবারের সদস্য ও মূল্যবান রত্নভরা জাহাজের বহর সুরাটে ফেরার খবর পেয়ে ওই বছরের আগস্টে লোহিত সাগরের দিকে রওনা হন অ্যাভেরি।

আওরঙ্গজেবের ২৫টি জাহাজের বহরকে তাড়া করতে অন্যান্য জলদস্যু জাহাজকেও সঙ্গে নেন অ্যাভেরি। জলদস্যুদের হামলায় বহরের কিছু জাহাজে আগুন ধরে যায় এবং সেগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে ‘ফাতেহ মোহাম্মদ’ নামের জাহাজটিকে সামান্য লড়াইয়ের পর দখল করে প্রায় ৫০ হাজার পাউন্ড মূল্যের সোনা-রুপা লুট করে ফ্যান্সি। কিন্তু অ্যাভেরির মূল নজর ছিল বহরের বৃহত্তম এবং আওরঙ্গজেবের নিজস্ব মালিকানাধীন জাহাজ ‘গঞ্জ-ই-সাওয়াই’-এর দিকে। প্রায় ৮০টি কামান এবং ৪০০ জনের বেশি সশস্ত্র মোগল সেনা থাকা সত্ত্বেও, ১৬৯৫ সালের ৭ সেপ্টেম্বর টিকে থাকা তিনটি জাহাজ নিয়ে গঞ্জ-ই-সাওয়াইয়ের ওপর চড়াও হন অ্যাভেরি।

লড়াই চলাকালে জলদস্যুদের কামানের গোলায় মোগল জাহাজটির মূল মাস্তুল ভেঙে পড়ে এবং নিজেদের একটি কামান বিস্ফোরিত হলে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে মোগল সেনাপতি জাহাজের ডেকের নিচে পালিয়ে গেলে সেনাদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং ডেক দখল করে নেয় দস্যুরা। জাহাজটি থেকে সেই সময়ের হিসেবে প্রায় ৩ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ পাউন্ড মূল্যের বিপুল রত্ন ও সোনা-রুপা লুট করা হয়, যা জলদস্যুতার ইতিহাসে অন্যতম বড় ডাকাতি। মোগল ইতিহাসবিদ কাফি খান তাঁর ‘মুনতাখাব-উল-লুবাব’ গ্রন্থে লিখেছেন, টানা এক সপ্তাহ ধরে যাত্রীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পুরুষ যাত্রীদের হত্যা এবং নারীদের ধর্ষণ করা হয়, যা থেকে সম্ভ্রম বাঁচাতে বহু নারী সাগরে লাফ দেন কিংবা খঞ্জর দিয়ে আত্মহত্যা করেন। আওরঙ্গজেবের এক বয়স্ক নারী স্বজনও এ সময় ধর্ষণের শিকার হন বলে অনেক ইতিহাসবিদ উল্লেখ করেছেন।

গঞ্জ-ই-সাওয়াইয়ে এই নৃশংসতার খবর পেয়ে মোগল সম্রাট আওরঙ্গজেব প্রচণ্ড ক্ষুব্ধ হন। হামলার পেছনে ভারতে বাণিজ্য বিস্তারকারী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যোগসাজশ সন্দেহ করে সুরাটে কোম্পানির কারখানা ও একাধিক বণিককে বন্দী করা হয়। ইতিহাসবিদ কাফি খানও বোম্বের গভর্নরের অস্বাভাবিক আয়ের উৎস হিসেবে হজযাত্রীদের জাহাজ লুটের রাজস্ব যুক্ত থাকার কথা উল্লেখ করেন। মোগলদের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে বাণিজ্য বিপর্যয়ের আশঙ্কায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষতিগ্রস্ত মালামালের ক্ষতিপূরণ দিতে রাজি হয় এবং অ্যাভেরিকে ধরতে মাথার বিনিময়ে বিশাল মূল্য ঘোষণা করে অভিযান শুরু করে ব্রিটিশ সরকার।

লুটপাট শেষে অ্যাভেরি ক্যারিবীয় অঞ্চলের বাহামা দ্বীপপুঞ্জে গিয়ে জাহাজের ডেকের নিচে ধনসম্পদ লুকিয়ে রেখে স্থানীয় গভর্নরকে ঘুষ দিয়ে আশ্রয় নেন। ইতিহাসবিদ জেমস বেইলির মতে, নিউইয়র্কের জোনস বিচের নাম যাঁর নামে, সেই টমাস জোনস বিপুল অর্থের বিনিময়ে অ্যাভেরিকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, যদিও অনেক ইতিহাসবিদ এই দাবি মানতে চান না। বাহামা ছাড়ার পর অ্যাভেরির সাঙ্গপাঙ্গরা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন ব্রিটিশ সরকারের হাতে ধরা পড়ে ফাঁসি পেলেও অ্যাভেরির শেষ পরিণতি রহস্যেই থেকে যায়। সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ শন কিংসলে ও রেক্স কোয়ান সম্প্রতি দাবি করেছেন, অ্যাভেরি দস্যুতা ছেড়ে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের গুপ্তচর হিসেবে কাজ শুরু করেছিলেন। অন্যমতে, ‘ব্রিজম্যান’ ছদ্মনামে আয়ারল্যান্ডে পালিয়ে গিয়ে তিনি আত্মগোপন করেন। আবার প্রচলিত আরেকটি কথা রয়েছে যে, জন্মভূমি ইংল্যান্ডে ফিরে প্রতারণার শিকার হয়ে সব সম্পদ হারিয়ে নিঃস্ব অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাভেরি, যেখানে তাঁর কফিন কেনার মতো অর্থও ছিল না।

হেনরি অ্যাভেরির পরিণতি যা-ই হয়ে থাক, ১৮ শতকে ইউরোপীয় শক্তিগুলো ভারত মহাসাগর ঘিরে নিজেদের উপনিবেশ গড়ে তোলার স্বার্থে জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করে। তবে বিশ্বজুড়ে জলদস্যুতা পুরোপুরি বন্ধ হয়নি; একুশ শতকে এসেও বিশেষ করে সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার মতো ঘটনা ঘটতে দেখা যায়।