ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে থানার উত্তর পাশে অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক দোতলা ব্যারাক ভবন-২ কে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা এই ককটেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যারাক পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর পরিবর্তে এটি ব্যারাকসংলগ্ন ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে আঘাত করে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর মার্কেটের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ফরিদপুরের কোতোয়ালি থানার ব্যারাক লক্ষ্য করে নিষিদ্ধ সংগঠনের ককটেল নিক্ষেপ হয়েছে। মার্কেটের ছাদে বিস্ফোরণের এই ঘটনাটিকে যারা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না, তাদের নজর রাখার আহ্বান জানান তিনি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।




