২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে দুপুরের খাবার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে এই স্কুল ফিডিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে দেশের পরিস্থিতি তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, ৫০০টি উপজেলার মধ্যে এখন ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষা বজায় রাখা ও উপস্থিতি নিশ্চিত করতে এটি কার্যকর ভূমিকা রাখছে। তবে ২০২৭ সাল নাগাদ ৫০০টি উপজেলার সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির পরিধি সম্প্রসারিত করে মোট ১ কোটি ১০ লাখ শিশুকে দুপুরের খাবারের আওতায় আনার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে আয়োজিত এক রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব তথ্য জানান ডা. জুবাইদা রহমান। উক্ত প্রতিযোগিতায় জমা পড়া ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা রেসিপি নির্বাচন করে পাঁচজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান লাভ করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও চেক প্রদান করার পাশাপাশি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসক জুবাইদা রহমান।
খাবারের গুণগত মান এবং পুষ্টি নিশ্চিত করতে মায়েদের তদারকি বাড়ানোর তাগিদ দেন ডা. জুবাইদা রহমান। স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতার প্রস্তাব দিয়ে তিনি বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা স্তরে প্রাথমিক বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ, স্থানীয় সহজলভ্য উপকরণ, শাকসবজি, প্রোটিন ও দুগ্ধজাত পণ্যের সঠিক ব্যবহার শিশুদের পুষ্টির মানকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে তিনি মনে করেন।
বক্তব্যে রান্নাকে শিল্প, ভাষা, বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে বর্ণনা করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, রান্নায় প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটে, যেখানে আমরা আমাদের ইতিহাস ও ব্যক্তিত্বের অংশ যোগ করি। প্রতিযোগীদের রান্নায় নতুনত্ব ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশের রন্ধনশৈলীকে আরও প্রসিদ্ধ করতে ভূমিকা রাখার আহ্বান জানান।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রসঙ্গ টেনে তিনি ক্ষুধা দূরীকরণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের অপুষ্টির অবসান, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার প্রতি আলোকপাত করেন। জাতিসংঘের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বাংলাদেশের ৬৪টি জেলা, ৫০০টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
কৃষিপ্রধান বাংলাদেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হতে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। তিনি ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান ও রোগ প্রতিরোধী আলু চাষ এবং কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসারের কথা বলেন। বর্তমানে ৩০ হাজারেরও বেশি কৃষক এই উন্নত জাতের বেগুন চাষ করছেন বলে জানান তিনি। একই সঙ্গে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কারিগরি সহায়তায় তৃণমূল পর্যায়ে মা ও শিশুর নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাসে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে বিশ্বকে জিরো হাঙ্গার বা শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান উপস্থিত ছিলেন।




