রংপুর নগরীর ভগিবালাপাড়া এলাকায় এক সেনাসদস্যের ভাড়া বাসা থেকে আরিফুল ইসলাম নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনাসদস্য শাহীন শেখ ও রাসেল মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার অটোচালক আরিফুল ইসলাম নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার মহানগর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। সেই সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ ভগিবালাপাড়া এলাকায় সেনাসদস্য শাহীন শেখের ভাড়া করা বাসাটির স্টোর রুম থেকে আরিফুলের মরদেহ উদ্ধার করে। মরদেহের গলার অর্ধেক কাটা ছিল, মাথায় শীলপাটা দিয়ে আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তারা সেনাসদস্য শাহীন শেখকে নিজেদের হেফাজতে নিয়েছিলেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ও অনলাইন ক্যাসিনো জুয়া সংক্রান্ত দ্বন্দ্বের জেরে গত ২৩ তারিখ রাতে অটোচালককে হত্যা করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ জানিয়েছেন, অভিযুক্ত সেনাসদস্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার অপর ব্যক্তি রাসেল মিয়া ভগিবালাপাড়া এলাকার আবেদ আলীর পুত্র। পুলিশ জানায়, সেনাসদস্য শাহীন শেখকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।




