সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান শুনানিতে তাকে ‘জঘন্য সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এই সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে তার ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের আবেদনও করা হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়-প্রশ্রয় ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের সুযোগে জিয়াউল আহসান ভয়ঙ্কর ‘সিরিয়াল কিলার’ হয়ে ওঠেন বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ ও সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম, নির্যাতন ও হত্যার পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত টানা তিন দিনের যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শতাধিক মানুষকে গুম, হত্যা ও নির্যাতনের বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। এসব অপরাধের পরিকল্পনা, বাস্তবায়ন এবং গোপন বন্দিশালার ব্যবহারের বিষয়েও ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপন করা হয়।


