দীর্ঘ আড়াই বছর প্রতীক্ষার পর অবশেষে পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়ে মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট গত সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমস্ত প্রথাগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফ্লাইটটি রাত ৭টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
ফ্লাইট উদ্বোধনের সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী। যাত্রার পূর্বে তিনি কর্মীদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন, ফটোসেশনে অংশ নেন এবং মোবাইল ফোনে সেলফি তোলেন। সেসময় মালয়েশিয়ায় অবস্থানকালে স্থানীয় আইনকানুন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী কর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি ফেরানোর স্বপ্ন নিয়ে যাত্রার শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানান।
নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত অভিবাসন ব্যয়, সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য ও শ্রমিক শোষণের একাধিক অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ২০২৪ সালের জুন মাস থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার স্থগিত হয়ে যায়। আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে নতুন করে চালু হওয়া এই প্রক্রিয়ায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাথমিক কর্মীদের নির্বাচিত করা হয়েছে।
প্রকল্পের আওতায় বোয়েসেলের মাধ্যমে গমনেচ্ছুক এসব কর্মীর পাসপোর্ট তৈরি, স্বাস্থ্য পরীক্ষা, সরকারি নিবন্ধন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীমা ও আনুষঙ্গিক অন্যান্য যাবতীয় প্রশাসনিক ব্যয়ের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার। অপরদিকে মালয়েশিয়ার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান ভিসা ফি এবং বিমান টিকিটের পুরো অর্থ বহন করেছে। মালয়েশিয়ায় পৌঁছানোর পর কর্মীরা তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নতুন কর্মস্থলে তাদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। এর পাশাপাশি নিয়োগকর্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসেবার সুবিধাও নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, প্রথম চালানে ১১২ জন শ্রমিককে শতভাগ বিনামূল্যে পাঠানো হলেও পর্যায়ক্রমে মোট ১০ হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দক্ষ মানবসম্পদ প্রেরণে সরকারের বিভিন্ন দূরদর্শী কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানো হবে। ইতোমধ্যে বোয়েসেল মালয়েশিয়ার চারটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র হাতে পেয়েছে।
বিমানবন্দরের বিদায়োধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।




