ভারতের রাজস্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৯ সদস্য প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শম্ভুপুরা গ্রামের কাছে রাত ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কোটা-উদয়পুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি ক্রুজার গাড়ি সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এনডিটিভি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। মর্মান্তিক এই ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারের পর তাদের চিকিৎসার জন্য দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।
খবর পেয়ে সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম উদ্ধারকারী দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ধুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের ময়নাতদন্তের কাজ চলছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে উল্লেখ করে বলেন, 'তাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করে দ্রুত সুস্থ করে তোলা।' প্রাথমিক অনুসন্ধানে পুলিশের ধারণা, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
বেঁচে যাওয়া পরিবারের এক সদস্য জানান, মঙ্গলবার রাতে তারা ৩৬ জন স্বজন মোট তিনটি গাড়িতে করে খাতু শ্যামজির মন্দির দর্শনে বের হয়েছিলেন। দর্শন শেষে তারা মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে যাচ্ছিলেন। যাত্রাপথে একটি হোটেলে বিরতিও নিয়েছিলেন তারা। ভ্রমণের সময় তাদের দুটি গাড়ি পেছনে পড়ে যায় এবং দুর্ঘটনায় পতিত গাড়িটি সামনে এগিয়ে যায়। পরে গাড়ির ভেতরে থাকা এক বোন মোবাইল ফোনে দুর্ঘটনার খবর জানালে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান।




