নগর প্রতিবেদক: নগরের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চাকরিচ্যুত শ্রমিকেরা। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে মিছিলটি বের হয়। আসন্ন রমজানে চিনির চাহিদা মেটাতে এস আলম সুগার মিলসহ বন্ধ কারখানাগুলো চালুর দাবি জানিয়েছেন তারা।
‘দাবি মোদের একটাই, কারখানা খোলা চাই’, ‘রমজানের চাহিদা মেটাতে এস আলম সুগার মিল চালু করো’ এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন শ্রমিকেরা। মিছিলটি মইজ্জারটেক থেকে শুরু হয়ে শাহ আমানত সেতু অতিক্রম করে চট্টগ্রাম নগরের দিকে যায়।পরে শ্রমিকেরা আদালত এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে তাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
শ্রমিকেরা জানান, এস আলম সুগার মিলসহ সংশ্লিষ্ট যেসব কারখানায় তারা কাজ করতেন, সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই দ্রুত কারখানাগুলো চালুর জন্য সরকারের কাছে দাবি জানান তারা।




