কক্সবাজারের রামুতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পরম উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসব। সোমবার বিকেলে রামুর বাঁকখালী নদীর চরে অনুষ্ঠিত এই আয়োজনে রংবেরঙের নকশা, চিত্রকর্ম ও গ্রাফিতিতে সাজানো সাতটি বর্ণিল জাহাজ ভাসানো হয়। উৎসবের আনন্দের পাশাপাশি এবারের অনুষ্ঠানে প্রধান সুর হয়ে ওঠে ২০১২ সালে রামুর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে ঘটে যাওয়া হামলা, ভাঙচুর ও লুটপাটের সুষ্ঠু বিচারের দাবি। নদীর জলে ভাসমান জাহাজে অঙ্কিত বিভিন্ন বার্তার মাধ্যমে ন্যায়বিচারের জোর প্রত্যাশা ফুটিয়ে তোলেন আয়োজকেরা।
এর আগে রবিবার সন্ধ্যা থেকেই রামুর আকাশে উড়তে দেখা যায় শত শত দৃষ্টিনন্দন ফানুস, যা উৎসবের আবহকে ছড়িয়ে দেয় পুরো এলাকায়। পরের দিন সোমবার বিকেলে বাঁকখালী নদীর পার রূপ নেয় সর্বস্তরের মানুষের মিলনমেলায়। নদীর শান্ত জলে বর্ণিল জাহাজের ভেসে চলা এবং উৎসবে উপস্থিত হাজারো মানুষের উচ্ছ্বাসে এক বর্ণিল ও মনোরম পরিবেশ তৈরি হয়।
উৎসব উপলক্ষে বাঁকখালী নদীর চরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাজভাসা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. সুকোমল বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধান আলোচক ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ২০১২ সালে রামুতে সংঘটিত বৌদ্ধ মন্দির ও পল্লীতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন। মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।
রামু সরকারি কলেজের শিক্ষক মানসি বড়ুয়া ও জাহাজভাসা উদ্যাপন পরিষদের সমন্বয়ক অর্পন বড়ুয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। সভায় এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বৌদ্ধ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবারণা পূর্ণিমার ধর্মীয় তাৎপর্য ব্যাখ্যা করে জাহাজভাসা উদ্যাপন পরিষদের সমন্বয়ক অর্পন বড়ুয়া জানান, বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে এই উৎসবের সুগভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহামতি গৌতম বুদ্ধের বৈশালী থেকে রাজগৃহে প্রত্যাবর্তনের স্মৃতিকে চিরভাস্বর করে রাখতেই দীর্ঘদিন ধরে রামুতে এই কল্পজাহাজ ভাসানো উৎসবের আয়োজন করা হয়ে আসছে।




