সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ এবং ডেঙ্গু জ্বরে মোট সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ হাজার ৪৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৪ জনের শরীরে।
হামের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন, যা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে।
অন্যদিকে, মশাবাহিত রোগ ডেঙ্গুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বছরজুড়ে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন।




