রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কালিন্দিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিজ বাসার সামনে থেকে চালানো অভিযানে কোতোয়ালি থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত এই নেতা বর্তমানে কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের এক নম্বর জ্যেষ্ঠ সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। এর পাশাপাশি তিনি স্থানীয় হেডম্যান অ্যাসোসিয়েশনেরও একজন নেতা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে আরও জানা গেছে, রাঙামাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের নাশকতার অপচেষ্টা বা অস্থিতিশীলতা রোধে জেলাজুড়ে নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এসব অপতৎপরতায় কারা জড়িত রয়েছে এবং স্থানীয়ভাবে কেউ তাদের সহায়তা করছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার রাতে অবস্থান নিশ্চিত হওয়ার পর কালিন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




