সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি রোমান্টিক ভিডিওকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে ঢালিউড তারকা অপু বিশ্বাসকে নিয়ে। নতুন কোনো চলচ্চিত্রের শুটিং কিংবা প্রচারণার খবর নয়; বরং মেহেদি পরানোর একটি অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে এই আলোচনা। ভাইরাল হওয়া সেই দৃশ্যটিতে দেখা যায়, হবু বর-কনের আমেজে সাজানো মেহেদির আয়োজনে অপুর পাশে থাকা এক যুবক হঠাৎ করেই তাকে চুমু দিয়ে বসেন। আকস্মিক এই ঘটনায় কিছুটা লজ্জা পেলেও মুচকি হেসে পরিস্থিতি সহজভাবেই সামলে নেন এই চিত্রনায়িকা।
অনলাইনে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে কৌতূহল দেখা দেয়—কে এই যুবক? একইসঙ্গে শুরু হয় অপুর নতুন প্রেম ও বিয়ের গুঞ্জন। পরবর্তীতে জানা যায়, অপুকে চুমু দেওয়া সেই যুবকের নাম আদনান আজাদ। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা আদনান অভিনয়ের পাশাপাশি মডেলিং করেন এবং বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত।
দেড় যুগ আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে বড় পর্দায় নায়ক হিসেবে পা রেখেছিলেন আদনান আজাদ। সেই ছবিতে তার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। পরবর্তী সময়ে অপু বিশ্বাস শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফল ক্যারিয়ার গড়ে ঢালিউডের এক নম্বর নায়িকায় পরিণত হলেও আদনান বড় পর্দায় নিয়মিত হননি। অন্যদিকে, শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদের বিভিন্ন বিষয় নিয়ে অপু বিশ্বাস সবসময়ই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে থেকেছেন।




