ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে। সংস্থাটির ভাষ্যমতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয়ের কারণে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। নতুন এই দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। বর্তমানে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের প্রতি লিটারের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে। গত সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ—যার মধ্যে অপারেটরের প্ল্যান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচ অন্তর্ভুক্ত—২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। এছাড়া ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এলপিজির বাজারে অস্থিরতা বিরাজ করছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন, যার ফলে বাজারে ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যদিও অক্টোবরে বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু রাজধানীর খুচরা বাজারে তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।




