শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক নালিশ জানানো হয়েছে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেতে হতে পারে।
ঘটনার সূত্রপাত গত শনিবার অনুষ্ঠিত সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে। ১-০ গোলে সান্তোস জয়ী হলেও ম্যাচটি নেইমারের জন্য ছিল ঘটনাবহুল। বাহিয়া মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে তর্কের সময় মুখে হাত দিয়ে কথা বলার অপরাধে নেইমারকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। প্রতিপক্ষ ক্লাব বাহিয়ার পক্ষ থেকে নেইমারের বিরুদ্ধে নেস্টরকে ‘মৌখিক লাঞ্ছনা’ করার গুরুতর অভিযোগ আনা হয়েছে। ম্যাচ শেষে নেস্টর সাংবাদিকদের জানান, নেইমার তাকে যেসব কথা বলেছেন তা অত্যন্ত অবমাননাকর এবং এটি বাহিয়া জার্সির মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।
অন্যদিকে, ৩৪ বছর বয়সী নেইমার মুখ ঢাকার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করলেও নেস্টরকে কোনো কটূক্তি করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। উল্টো নেইমার ওই মিডফিল্ডারের বিরুদ্ধে ফুটবলের অন্যতম ‘সবচেয়ে নোংরা ও কূটকৌশল’ আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছেন।
আগামী বুধবার এই শৃঙ্খলাভঙ্গের মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। শাস্তির আদেশ বহাল থাকলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সান্তোসকে ছাড়াই মাঠে নামতে হবে নেইমারকে। গত মৌসুমে রেলিগেশন থেকে কোনোরকমে রক্ষা পাওয়া সান্তোস বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে।




