মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় বাস গাড়ি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপজেলার বানিয়াছড়া আমতলী পাহাড়ের আবুলের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটি দুমড়ে মুষড়ে যায়।
নিহতরা হলেন-চাঁদপুর জেলার বাসিন্দা মো: আমিনুল হকের সহধর্মিণী ইছমত আরা (৫৫), বরিশালের সুমন মিয়ার কন্যা মাইশা (১০)। বর্তমানে তারা চট্টগ্রামের ডলবমুরিং এলাকায় ভাড়া বাসায় থাকেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম -কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে কক্সবাজারগামী এসি বাস গাড়ি (রেজিঃ নং- চট্র-ব-১৩-১৮৮৮) এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের (রেজিঃ নং- চট্ট মেট্রো-গ-১৩-৯৪৪২) মধ্যে দ্রুত ও বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারে থাকা চালকসহ মোট ৪ জন হতাহত হন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও চিরিংগা হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন এবং অপর ২ জনকে সাধারণ জখম প্রাপ্ত হিসেবে চিকিৎসা দেন। দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলো উদ্ধার করে চিরিংগা হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলন স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান চিরিঙগা হাইওয়ে থানা পুলিশ।




