প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২০-২০২১ এর বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেরস বেনু কুমার দে।
সভায় সভাপতিত্ব করেন চবি শিক্ষক সমিতির সাবেক (২০২০-২০২১) সভাপতি প্রফেসর মোঃ এমদাদুল হক এবং অনুষ্ঠান পরিচালনা ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল আলম।
সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন করেন সমিতির সাবেক কোষাধ্যক্ষ জনাব শাহনেওয়াজ মাহমুদ সোহেল।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ।
উপাচার্য তাঁর ভাষণে চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, শিক্ষকবৃন্দ হলেন আলোকিত মানুষ গড়ার কারিগর। অর্থ-বিত্তের পেছনে না ঘুরে শিক্ষকবৃন্দ দেশ-জাতির বৃহত্তর কল্যাণে সার্বক্ষণিক জ্ঞান-গবেষণায় সময় ব্যয় করেন এবং দক্ষ মানবসম্পদ উৎপাদনে সার্বক্ষণিক নিজেদের নিয়োজিত রাখেন।
তিনি আরো বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে অধিকতর দক্ষ, যোগ্য এবং সক্ষম করে গড়ে তুলতে সম্মানিত শিক্ষকবৃন্দ যে ভূমিকা রেখে চলেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-গবেষণায় দেশের এক নম্বর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষক সমিতির বিদায়ী কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানান এবং নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ও তাঁদের সফলতা কামনা করেন।
Post Views: 754



