টাঙ্গাইলে প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সৃষ্টি শিক্ষা পরিবারের উদ্যোগে এই আয়োজনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাঙ্গাইলকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি, যা মানুষের মন, মানসিকতা ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাঙ্গাইলকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে এবং খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি ভাসানী হল ও জিমনেসিয়াম অবমুক্ত করার বিষয়ে তাঁর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। এছাড়াও অনুষ্ঠানে টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক সাতিল, এবং টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। সবশেষে প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৫৬৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




