নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করা হবে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আজ মঙ্গলবার দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, নগর আওয়ামী লীগের সম্মেলন আমরা কীভাবে কোন পদ্ধতিতে কবে নাগাদ করতে পারি এবং সুষ্ঠু-সুন্দর স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণে করতে পারি তা ঠিক করতে এ সভায় বসেছি। এই জনপদের আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এখানকার নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিষয়ে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তা ঢাকা থেকে চাপিয়ে না দিয়ে উনাদের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাই। চট্টগ্রামের সমস্যা চট্টগ্রামের নেতৃত্ব খুব ভালো জানেন। উনার অনেক ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছেন। এই নেতৃবৃন্দের নেতৃত্বে নগর আওয়ামী লীগে নতুন প্রাণের সঞ্চার হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যত সমৃদ্ধ হবে এর সুবাতাস দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে যাবে।
তিনি বলেন, আজকের সভায় বিশ্লেষণ করব কিভাবে মহানগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে পারি। ইতোমধ্যে ১৫টি থানায় ১৫টি সাংগঠনিক কমিটি হয়েছে। সভায় ১৫ জন সমন্বয়কারীর নাম উপস্থাপনের পর চূড়ান্ত হয়েছে। সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করব। ওয়ার্ড, ইউনিট ও থানায় কিভাবে সম্মেলন করা হবে তা সাংগঠনিক টিমগুলো উদ্যোগ গ্রহণ করবে। থানা কমিটিগুলোও ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক টিম গঠন করবে। এরপর ওয়ার্ড, থানা ও ইউনিট সম্মেলন করে নগর আওয়ামী লীগের নতুন সম্মেলন উপহার দিব।
চট্টগ্রামের সমস্যা চট্টগ্রামের নেতৃত্ব খুব ভালো জানেন জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, উনারা অনেক ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছেন। এই নেতৃবৃন্দের নেতৃত্বে নগর আওয়ামী লীগে নতুন প্রাণের সঞ্চার হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যত সমৃদ্ধ হবে এর সুবাতাস দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে যাবে।



