নরসিংদীর মনোহরদীতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদীর সিঙ্গুয়া ও খিরাটি ঘাটে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পোনা অবমুক্তকরণের আগে সিঙ্গুয়া ঘাটে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, আসাদনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির এবং স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে মাছের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি; তাই মাছের বিকল্প চিন্তা করা যায় না।’ তারা দেশের মৎস্য খাতে অবদান রাখার লক্ষ্যেই এই পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান। এ সময় বক্তারা নদীতে অবৈধ ফাঁদ পাতা ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। একইসঙ্গে পোনা মাছ ধরা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদায় মাছের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।




