খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি বন্যাকবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জেলার মহালছড়িতে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিতসেহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর ২০৩পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন।
রোববার(১লা সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া।
এদিন চিকিৎসা সেবা প্রদান করেন ৩জন বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসা সেবায় রাঙামাটি সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা: জয়া চাকমা ও সেনাবাহিনীর ১জন মেডিকেল অফিসারের সমন্বয়ে প্রায় ৭শতাধিক দুস্থ ও হতদরিদ্র বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এ সময় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরণের সময় উপযোগী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানায়। বন্যার্ত মহিলা, শিশু ও বয়োবৃদ্ধ জনসাধারণ এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জোন অধিনায়ক জানিয়েছেন, মহালছড়ি সেনা জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




