বিনোদন ডেস্ক: ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। এবার ২০২৩ সালে সেই হারের বদলা নেবে টিম ইন্ডিয়া— এ রকমই ভেবেছিলেন অনেকে। কিন্তু টানা ১০ ম্যাচ জিতেও বিশ্বকাপের ফাইনালে ফের অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। সে দিন খেলতে নেমে ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় শুভমান গিলকে। ম্যাচ চলাকালীন মাঠে ছিলেন শচীন-কন্যা সারা টেন্ডুলকার।
কিন্তু ক্যামেরায় একবারও দেখা যায়নি তাঁকে। বিশ্বকাপে ভারতের হারের পরেও চুপ ছিলেন সারা-শুভমান দু’জনেই। এই মুহূর্তে সারা-শুভমানের প্রেমের চর্চা সর্বত্র। দু’জনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রি। ফলোয়ারের সংখ্যাও মিলিয়নের উপরে। কিন্তু ফাইনালের পর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন শুভমান-সারা। কিন্তু আচমকা আবেগপ্রবণ হয়ে পড়েন শুভমান। সামাল দিতে হাত বাড়িয়ে দিলেন সারা!
অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বাভাবিক ভাবেই মনমরা রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, মহম্মদ শামিরা। ফাইনালের এই হারে বিমর্ষ গোটা টিম ইন্ডিয়া। শুভমান গেল সোমবার বিকাল ৩:৫৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘‘এতগুলো ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। মাঝে মধ্যে সবটা দিয়ে দেয়াও যেন যথেষ্ট বলে মনে হয় না। হয়তো আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি, তবে এই সফরের প্রতিটা দিন আমাদের দলগত ঐক্য ও অধ্যাবসায়ের অধ্যায় হয়ে থাকবে। তবে যতক্ষণ না জিতছি, ততক্ষণ আমরা থেমে যাব না।’’
শুভমানের এমন পোস্টের পর তাকে শান্তনা দিয়ে পাল্টা পোস্ট করেছেন প্রেমিকা সারা টেন্ডুলকার। তিনি লেখেন, ‘‘অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা ষষ্ঠতম বিশ্বকাপটা জেতার জন্য। বিশ্বকাপের ফাইনালে তারা বেশি ভাল খেলেছে। এবার ভারত পারল না। আমি বুঝতে পারছি দলের প্রত্যেক খেলোয়াড়, অনুরাগী কোন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। হারও খেলার একটা অঙ্গ। কিন্তু এই সফরে টিম ইন্ডিয়া যে ঐক্য দেখিয়েছে, সেটা মনে রাখার মতো।’’




