যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের ডিজিটাল ও অনলাইন মাধ্যমে তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের শত্রুপক্ষ জনমত প্রভাবিত করা এবং দেশের ভেতরের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে—এমন অভিযোগ এনে এই নির্দেশনা জারি করা হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে আইআরজিসির উচ্চপদস্থ কমান্ডার ও বাসিজ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই নির্দেশনা প্রদান করেন আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি বলেন, শত্রুভাবাপন্ন শক্তিগুলোর অপপ্রচারের বিষয়ে অনলাইন জগতে সবাইকে আরো সতর্ক থাকতে হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বাসিজ সদস্যদের উপস্থিতি জোরদার করতে হবে।
অনলাইন মাধ্যমে শক্তির লড়াই সম্পর্কে গুরুত্বারোপ করে মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেন, বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হলো বাস্তবতাকে বিকৃত করা এবং বিভিন্ন বয়ানকে নিজেদের মতো করে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করা।
আইআরজিসির উপপ্রধান আরও দাবি করেন, ইরানের প্রতিপক্ষরা অতীতে নানা উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সে কারণে তারা এখন বিকল্প কৌশল হিসেবে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং সরকারের প্রতি সাধারণ জনগণের আস্থা দুর্বল করে দেওয়ার পথ বেছে নিয়েছে।
এমন এক সময়ে আইআরজিসির পক্ষ থেকে এই আহ্বান এল, যখন ইরানকে একদিকে অব্যাহত অর্থনৈতিক চাপের মুখোমুখি হতে হচ্ছে, অন্যদিকে ওয়াশিংটন ও ইসরাইলের সঙ্গে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। সংঘাতের অবসানে বিভিন্ন আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি।




