প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণাঢ্য আয়োজনে ৬২ রকমের ফল উৎসব পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উৎসবের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়। রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনসহ শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের আন্দোলন ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ তাকে মুগ্ধ করেছে। পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন ছাত্রদলের এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে এ উৎসব বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে। তিনি অনুষ্ঠানের আয়োজকসহ উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের উদ্যোগে আয়োজিত এই ফল উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা। অনুষ্ঠান পরিচালনাকারী শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী কিছু করার চিন্তা থেকেই ৬২ রকম ফলের উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। দল-মতনির্বিশেষে সব শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলোকে শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার এবং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, রাশেদ, অনিক, নাহিয়ান বিন অনিক ও পরাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




