রাসুলুল্লাহ (সা.)-এর বাণী অনুযায়ী, 'লজ্জা ঈমানের অঙ্গ' (মুসলিম: ৫১)। আরবি শব্দ 'হায়া' অর্থ লজ্জা, সংকোচবোধ বা ইতস্তত করা। মূলত এটি এমন এক মানবিক অনুভূতি, যা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে এবং জনসম্মুখে সম্মানহানির ভয় তৈরি করে। ইসলামি দৃষ্টিকোণ থেকে লজ্জাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়—প্রকৃতিগত বা স্বভাবগত লজ্জা এবং অর্জিত লজ্জা।
প্রকৃতিগত লজ্জা হলো আল্লাহ প্রদত্ত সেই অনুভূতি, যা মানুষের মধ্যে জন্মগতভাবে বিদ্যমান। যেমন, নিজের শরীর উলঙ্গ রাখতে লজ্জাবোধ করা। অন্যদিকে, অর্জিত লজ্জা হলো আল্লাহ ও দ্বীনের আদব-কায়দা সম্পর্কে জ্ঞান অর্জনের পর মানুষের মধ্যে তৈরি হওয়া সচেতনতা। এই অর্জিত লজ্জাই উত্তম, যা মানুষকে যাবতীয় অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে।
মানবজীবনে লজ্জার গুরুত্ব অপরিসীম। রাসুল (সা.) বলেছেন, 'প্রতিটি দ্বীনেরই একটা চরিত্র রয়েছে, আর ইসলামের মূল চরিত্র হলো লজ্জাশীলতা' (ইবনে মাজাহ: ৪১৮১)। যে ব্যক্তির মধ্যে লজ্জার মাত্রা যত বেশি, তার ঈমানের জোর তত প্রবল। লজ্জাশীলতা মানুষকে পাপ থেকে রক্ষা করে এবং কল্যাণের পথে ধাবিত করে। রাসুল (সা.)-এর ভাষায়, 'লাজুকতা শুধু কল্যাণই বয়ে আনে' (বোখারি: ৬১১৭)।
এর বিপরীত হলো নির্লজ্জতা, যা দুর্বল ঈমানের পরিচায়ক। লজ্জাহীন ব্যক্তির কোনো বাছবিচার থাকে না এবং সে সহজেই অন্যায়ের পথে ধাবিত হয়। রাসুল (সা.) সতর্ক করে বলেছেন, 'যখন তুমি নির্লজ্জ হয়ে পড়বে, তখন যা ইচ্ছা তাই করো' (বোখারি: ৬১২০)।
লজ্জাশীলতা মানুষকে পরিশুদ্ধ করে জান্নাতের দিকে নিয়ে যায়, আর নির্লজ্জতা দুশ্চরিত্রের লক্ষণ হিসেবে জাহান্নামের পথে নিয়ে যায় (তিরমিজি: ২০০৯)। রাসুল (সা.) আরও বলেছেন, 'লজ্জা ও অল্প কথা বলা ঈমানের দুটি শাখা। আর অশ্লীলতা ও অতিরিক্ত কথা মুনাফিকির দুটি শাখা' (তিরমিজি: ২০২৭)।




