বিনোদন ডেস্ক: সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘আমার শেষ কথা’। এই সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, কাকরাইলের ইস্টার্ন কমার্সিয়াল কমপ্লেক্সের মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মো. ইসলাম মিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন- ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো।
এতে আরও বলা হয়, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় চলচ্চিত্রটি সনদপত্রবিহীন হিসেবে গণ্য হবে। বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো এবং চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরণসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, ‘আমার শেষ কথা’ সিনেমাটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের এক সত্য ঘটনা অবলম্বনে। যেখানে ইসলাম পরিপন্থী বিষয় রয়েছে। গল্পের হিরো নাস্তিক থাকেন যিনি কিনা ধর্ম বা ঈশ্বরকে বিশ্বাস করেন না। ঘৃণ্য সব কাজ করতেন, মানুষ পাচার করতেন। এমনকি নিজের স্ত্রীকেও বিদেশে পাচার করে দেন।
সিনেমার প্রদর্শনী বন্ধ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে সিনেমাটির নায়ক জয় চৌধুরী বলেন, ‘সিনেমাটির প্রদর্শনী বন্ধের আদেশের বিষয়ে অবগত হয়েছি। আমাদের সিনেমার যে গল্প সেটা একটা লোকাল এলাকার সত্য ঘটনা অবলম্বনে। গল্পের হিরো নাস্তিক থাকেন কিন্তু পরে ভালো হয়ে যান। বুঝতেছিনা এটা ইসলাম পরিপন্থী কি না! এই বিষয়টি নিয়েই সম্ভবত কিছু একটা হয়েছে।’
তিনি আরও বলেন ‘সেন্সরবোর্ড সংশোধনী দিয়েছে, সেটা সময়মতো না দেওয়াতেই মূলত আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। এখন সিনেমাটির বেশ কিছু পরিবর্তন এনে আবার পুনরায় শুট করতে হবে। পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আমরা আগামী মাসের অর্থাৎ ২ নভেম্বর থেকে রি-শুট করব।’
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আমার শেষ কথা’ সিনেমাটির শুটিং শুরু হয়। এপ্রিলের মাঝামাঝি সময়ে শুটিং শেষ হয়। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও কাজী জারা টাইরা। এ ছাড়াও রয়েছেন রেবেকা, বড়দা মিঠু, রিনা খান, টাইগার রবিসহ আরও অনেকে।




