লিটন কুতুবী : বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া শত শত ট্রলারের মধ্যে মঙ্গলবার (০১আগস্ট) সকালে আকস্মিক বৈরী আবহাওয়ার কবলে পড়ে কুতুবদিয়া উপকূলের ১০টির অধিক ফিশিং ট্রলার ডুবি এবং ৩০ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে ৩৮ জেলে অন্য ট্রলারের সাহায্য জীবিত উদ্ধার হলেও খবর পাওয়া পর্যন্ত ১০টি ট্রলারসহ ৩০ জেলে নিখোঁজ রয়েছে।
বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, উত্তর ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি, কুতুবদিয়া উপজেলার মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ সূত্রে জেলে নিখোঁজ ও ট্রলার ডুবির খবর নিশ্চিত করেন যে, বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার মোক্তার আহমদের মালিকনাধীন ফিশিং ট্রলার ডুবে যায়।ট্রলারে থাকা ১০ জেলে উদ্ধার, ট্রলার নিখোঁজ।
শাহাব উদ্দিনের মালিকানা ফিশিং ট্রলার ডুবি, ট্রলারে থাকা ৮ জেলে জীবিত উদ্ধার। দেলোয়ার হোসেন ভেট্টোর মালিকানাধী ফিশিং ট্রলার ডুবি, ১২ জেলের মধ্যে ১০ জেলে জীবিত উদ্ধার, ট্রলারসহ ২ জেলে নিখোঁজ রয়েছে।
আনোয়ার হোসেনের মালিকানাধীন ফিশিং ট্রলারসহ ৮ জেলে নিখোঁজ রয়েছে। খোরশেদ আলমের মালিকানাধীন ফিশিং ট্রলারসহ ১০ জেলে নিখোঁজ রয়েছে। উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা এলাকায় আবদুল্লাহ আল নোমানের মালিকানাধীন ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে, তবে ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এছাড়াও সাগরে মাছ ধরতে যাওয়া অনেক মাছ ধরার ট্রলার এখনো উপকূলে ফিরে আসেনি বলে নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিস।
কুতুবদিয়া উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দি ক্রাইমকে জানান, কুতুবদিয়া উপকূলের শত শত ট্রলার গত সোমবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। একদিন পর আজ মঙ্গলবার সকালে সাগরে আকস্মিক বৈরী আবহাওয়া শুরু হলে প্রতিকুলতা হারিয়ে সাগরে কুতুবদিয়া উপকূলের ১০টির অধিক ফিশিং ট্রলার ডুবে যায়। এসব ট্রলারের ৪০জেলে উদ্ধার হলেও এখনো ৩০ জেলে নিখোঁজ রয়েছে। তবে স্থানীয় বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালামের উদ্যোগে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সাগরে ট্রলার পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ট্রলার মালিক শাহাব উদ্দিন।




