নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্তর্ভুক্ত ইন্ট্রাকো ডিজাইন লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং ইন্ট্রাকো ফ্যাশন লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে অবিলম্বে ত্রিপাক্ষীয় চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করার দাবীতে ২০ জুন থেকে ঢাকার শ্রম ভবন লাগাতার ঘেরাও কর্মসুচি চলছে। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২১ জুন) বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ইন্ট্রাকো ডিজাইন লিঃ এবং ইন্ট্রাকো ফ্যাশন লিঃ এর শ্রমিকরা।
ঢাকার দক্ষিণখানে অবস্থিত ওই কারখানা দু’টির মালিক ইলিয়াস পাটোয়ারী। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে গত ২৪ মে প্রায় ৯ শতাধিক শ্রমিকের আইননানুগ পাওনা পরিশোধের কথা থাকলেও চুক্তি ভঙ্গ করে মালিকপক্ষ। এ পর্যন্ত পাওনা পরিশোধ করা হয়নি। চুক্তি অনুসারে শ্রমিকদের ঈদ বোনাস, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটি, প্রভিডেন্ট ফান্ড ও আংশিক বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষ অস্বীকৃতি জানায়।
জানা গেছে, গত ১২ মার্চ কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে শ্রমিকদের পাওনা কিভাবে পরিশোধ হবে এ বিষয়ে গত ২২ মার্চ কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের পাওনা না পরিশোধ করতে মালিক নানা ভাবে শক্তি প্রয়োগ করছে।
ইন্ট্রাকোর শ্রমিকদের আন্দোলনের সাথে যুক্ত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে’র আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, ঈদের আগে ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশন লিঃ কারখানার শ্রমিকদের আইনানুগ পাওনাসহ সকল কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৩ হাজার টাকা ঘোষণা করার দাবীতে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে’র সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে।
Post Views: 202




