লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে ১৯দিন ব্যাপী সীরাতুন্নবী (সাঃ) মাহফিল আজ শনিবার (০৮ অক্টোবর) বেলা ৩টায় আরম্ভ হয়েছে। এ মাহফিলের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। মাহফিলের ১ম দিন অনুষ্ঠিত হয় ২অধিবেশনে। ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন শাহজাদা আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। পূর্বনির্ধারিত বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন আলহাজ¦ মাওলানা ওসমান গণি ও মাওলানা হেলাল উদ্দীন। চুনতির বিশাল সীরাত ময়দানে ১৯দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়।
২য় অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা হোসাইন আহমদ।
বক্তব্য রাখেন আলহাজ¦ মাওলানা এরশাদুল্লাহ, মাওলানা হাবিবুল ওয়াহেদ ও মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, মুসলমানদের ঈমান উজ্জীবিত করার লক্ষ্যে ১৯৭২ সালে চুনতির শাহ সাহেব কেবলা এ সীরাতুন্নবী (সাঃ) মাহফিল প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, নিয়তের পরিশুদ্ধির কারণে চুনতির এ সীরাত মাহফিল চলমান। দেশের সীরাত মাহফিলের সূচনা হয় চুনতি থেকেই। মাহফিলের সঞ্চালনায় ছিলেন চুনতি হাকিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন। এতে এলাকার ওলামায়ে কেরাম, জন প্রতিনিধি ও সংবাদকর্মী সহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে বক্তাদের বক্তব্য শ্রবণ করেন।




