আনোয়ারা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হল রুমে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এবং মন্নান চৌধুরী, চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, হাইলধর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কলিম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শহিদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দিন, ইউনিয়ন পূজা কমিটি থেকে বক্তব্য রাখেন মাস্টার রতন শীল, সুভাষ সিংহ, রনি সিংহ, কাজল মিত্র, অজয় চৌধুরী, ঝোটন সরকার, রুপম দত্ত ও রতন কুমার শীল প্রমুখ এই সময় উপজেলা বিভাগীয় কর্মকর্তাগণ ও পূজা কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, আনোয়ারা উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রতিটি পূজা মন্ডপ নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। এই ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে তৃণমূল নেতৃবৃন্দদেরকে নির্দেশ দেয়া হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব বলেন, ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন বলেন, আনোয়ারা উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। ভূমি মন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতায় আনোয়ারায় এবারও শারদীয় দুর্গোৎসব মিলন মেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনোয়ারায় ২শ ৫৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এদিকে মত বিনিময় সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদকে পূজা উদযাপনের নেতৃবৃন্দদের পক্ষ থেকে ফুলেল শারদীয় শুভেচ্ছা জানানো হয়।
Post Views: 235




