গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় খালেদ আবু নাদা প্রাণ হারান। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সংগঠনটির নিয়োগ দেওয়া শিক্ষা উপমন্ত্রী ছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং সশস্ত্র কার্যক্রমে তহবিল জোগাতেন। তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হতে পারে বলে ইসরায়েল মনে করছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ ছিল এই হামলা। তিনি জানান, গত এক মাসে ইসরায়েল প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। নেতানিয়াহু আরও বলেন, “কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের নাগালের বাইরে থাকতে পারবে না।”
হামাস আবু নাদার মৃত্যুর খবর নিশ্চিত করে একে শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। এদিকে, মঙ্গলবারের পর থেকে ইসরায়েলি হামলায় নিহত তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা হলেন আবু নাদা। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার পাশাপাশি পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি গুলিতে ৬২ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন।
হামাসপ্রধান খলিল আল-হাইয়া ইসরায়েলের এই অব্যাহত হামলাকে অসহনীয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “যুদ্ধবিরতি চুক্তির অধীনে হত্যা ও অবরোধের এই সমীকরণ মেনে নেওয়া যায় না।” আল-হাইয়া আরও জানান, ইসরায়েলি লঙ্ঘন ও হত্যার নীতির জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে হামাস আলোচনা করবে। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর নীরবতার সমালোচনা করে বলেন, “দখলদারদের অপরাধের বিষয়ে বোর্ড অব পিস ও চুক্তির জামিনদারদের নীরব থাকার নীতি অগ্রহণযোগ্য।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক বছরের যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই টানা তৃতীয় রাতের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। খলিল আল-হাইয়া গত জুলাই মাসে হামাসের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পান। এর আগে ২০২৫ সালে কাতারে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিজেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান, যেখানে তার ছেলে ও সহযোগীরা নিহত হন। ফিলিস্তিন ও ইসরায়েলের নিজ নিজ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।




