পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় শীতের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানায়, এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ। এই নিয়ে টানা চারদিন ধরে সীমান্ত সংলগ্ন এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে।
চলতি সপ্তাহের শুরু থেকেই এই অঞ্চলে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা আরও কিছুটা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। এছাড়া বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি এবং সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে এবং আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দিনের বেলা রোদের উত্তাপ থাকলেও ঠান্ডা বাতাসের প্রভাবে শীতের আমেজ দূর হচ্ছে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার দাপট বাড়তে থাকে, যা গভীর রাতে কনকনে ঠান্ডায় রূপ নেয়। ভোরে হালকা কুয়াশা এবং হিমেল বাতাস থাকা সত্ত্বেও কনকনে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে মাঠে ও কর্মস্থলে ছুটছেন স্থানীয় কৃষক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।




