দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা ও নাশকতা মোকাবিলার লক্ষ্য সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সক্রিয়তা বাড়াচ্ছে বিএনপি। মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত রাখা এবং কেন্দ্রের সঙ্গে দূরত্ব কমানোর কৌশলের অংশ হিসেবে পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গঠিত এই বিশেষ টিমের সদস্যরা হলেন—বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনায় কাজ করা এই টিমকে সার্বিকভাবে সহায়তা করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
আসন্ন ডিসেম্বর মাসকে ঘিরে হাইকমান্ড থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, কোন্দল নিরসন এবং সংহতি বজায় রাখার ওপর জোর দিচ্ছে দলটি। এরই অংশ হিসেবে ইতিমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক পর্যালোচনা সভা পরিচালনা করেছেন টিমের প্রতিনিধিরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ের সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের ভূমিকা ও নানা দুর্বলতা চিহ্নিত করে তা নিরসনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক বসেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। পরদিন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের পাঁচটি জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্যসচিবদের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
চলমান এই উদ্যোগ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাংগঠনিক বিভাগগুলোর নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যদের সমন্বয়ে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রক্রিয়া সামনেও অব্যাহত থাকবে।
বিশেষ টিমের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মতে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেবল কেন্দ্রভিত্তিক বার্তা পাঠিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ সামাল দেওয়া কঠিন। এই কারণে জেলা, উপজেলা, পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংযোগ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থান রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তা নিজেদের উদ্যোগে প্রতিরোধ করতে গিয়ে সংঘাত না জড়িয়ে অবিলম্বে প্রশাসনকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির নীতিনির্ধারকদের ভাবনায় প্রধান হয়ে উঠেছে আগামী ডিসেম্বর মাসের রাজনৈতিক প্রেক্ষাপট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অপ্রকাশ্য তৎপরতা এবং বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাকে রাজনৈতিক নিরাপত্তার দিক থেকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জ অঞ্চলের সাম্প্রতিক সহিংস ঘটনা এবং বিভিন্ন খাতের শ্রমিক অসন্তোষ পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগের জন্ম দিয়েছে।
এই পরিস্থিতি সামাল দিতে আগেই সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সব দলীয় সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন। সেখানে তিনি দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেন। একই সাথে মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও মাঠপর্যায়ে পূর্ণ সজাগ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।




