বাণিজ্যিক চুক্তি নিয়ে সৃষ্ট মতবিরোধের জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর প্রতিবেদনের বরাতে মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, ইন্টার মায়ামির এই মহাতারকা তার আইনজীবীদের এএফএ-কে একটি আইনি নোটিশ বা সিজ-অ্যান্ড-ডেজিস্ট লেটার পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এই আইনি নোটিশের মূল উদ্দেশ্য হলো, বাণিজ্যিক উদ্দেশ্যে মেসির নাম ও ছবি ব্যবহার করা থেকে এএফএকে বিরত রাখা। সাংবাদিক নিকোলাস উইনাজকি এ২৪ টেলিভিশন নেটওয়ার্ককে জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবলের কোনো কাজে লাগে না এমন মুনাফা অর্জনের জন্য এএফএ যেন মেসির ছবি ব্যবহার না করে, সেই দাবি জানিয়েই এই আইনি নোটিশের খসড়া তৈরি করতে বলা হয়েছে।
বর্তমানে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে মেসির সম্পর্কের টানাপোড়েন চলছে। এই বিরোধের মূলে রয়েছে একটি স্পনসরশিপ চুক্তি সংক্রান্ত জটিলতা। মেসির বিয়ার ব্র্যান্ড ‘মিকেলোব’-এর সঙ্গে একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন যে, এএফএ আয়োজিত একটি বিজ্ঞাপনী প্রচারণায় অন্য একটি বিয়ার কোম্পানি তার ছবি ব্যবহার করেছে। এই ঘটনায় মিকেলোব কর্তৃপক্ষ চরম ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গেছে।




