বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ ভুলেও চোখ তুলে তাকালে তা সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। একই সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসে উসকানি দেওয়ার তীব্র অভিযোগ করেন মন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। সভায় ২৭ বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আরও বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে। তিনি অভিযোগ করেন, পলাতক ফ্যাসিবাদের অনুসারীরা গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। সরকার সমস্ত অপরাধের ঘটনা আমলে নিয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।




