ইসরাইল ও ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমান অধিকারের মূলনীতিকে সবার উপরে স্থান দেওয়ার আহ্বান জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল আল-সাইয়েদ। গত রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে আল-সাইয়েদ জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগোষ্ঠীর জন্যই শান্তি, নিজস্ব মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা জরুরি। এটিকে কোনো একটি জনগোষ্ঠীর বিপক্ষে অবস্থান নেওয়া হিসেবে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এসব নীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ও জোরালো হওয়া প্রয়োজন।
অনুষ্ঠান চলাকালে তাকে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে পরিচিত ইসরাইল কেন নিজের ওই পরিচয় পরিত্যাগ করবে? জবাবে আল-সাইয়েদ ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ফিলিস্তিনি পরিবারগুলোও প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই পবিত্র ভূমিতেই বসবাস করে আসছে। তাদেরকেও একটি স্বাধীন ও নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তবে বাস্তবে তারা দেখছেন, ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ড প্রতিনিয়ত সম্প্রসারিত হয়ে চলেছে এবং যুক্তরাষ্ট্রও সেই সম্প্রসারণ প্রক্রিয়ায় সমর্থন দিয়ে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে অন্য সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া উচিত বলে মন্তব্য করেন এই ডেমোক্র্যাট সিনেটর।




